
গুম ও খুনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন গুমের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা। একই সঙ্গে দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

রোববার (৩০ আগস্ট) ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত পদযাত্রা শুরুর আগে এসব দাবি জানানো হয়।
রাজধানীর বাংলামোটর থেকে জাতীয় সংসদ অভিমুখে এ পদযাত্রা শুরু হয়। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের পাশাপাশি গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
পদযাত্রা শেষে সংসদ ভবনের প্রধান গেটে ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন। এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো হুবহু পাস করার দাবি জানান।
গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়েও সমালোচনা করেন তারা। বক্তারা বলেন, গুম ও খুনের সঙ্গে জড়িত কোনো সংস্থা, রাজনৈতিক দল বা ব্যক্তিকে আড়াল না করে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে কেউ গুম-খুনের মতো অপরাধ করার সাহস পাবে না।
বক্তারা আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম ও খুনের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
এদিকে, গুম অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে ১১ দলের পক্ষ থেকে স্পিকার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল পদযাত্রা শেষে স্মারকলিপিটি স্পিকারের কাছে পৌঁছে দেন।
মন্তব্য করুন