
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারবিরোধী পোস্টার লাগানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার শ্রমবিষয়ক সম্পাদক লিটন মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) সকালে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহামুদ।
গ্রেপ্তার লিটন মন্ডল গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকার নির্মল মন্ডলের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের গোপালগঞ্জ জেলা শাখার শ্রমবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, লিটন মন্ডল কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের ব্যানারে ‘১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গংয়ের ফাঁসি চাই’ লেখা সংবলিত পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে পোস্টার ও একটি ছুরিসহ গ্রেপ্তার করে।
কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহামুদ জানান, আটকের পর লিটন মন্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মন্তব্য করুন