
আজ বুধবার বিজয়া দশমী। মন্দির ও পূজামণ্ডপে এখন বিদায়ের আবহ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে সারা দেশের মণ্ডপে নেওয়া হয়েছে নানা ধর্মীয় আয়োজন।

সকালে পূজা-অর্চনা, দর্পণ বিসর্জন ও দেবীবরণের মধ্য দিয়ে শুরু হবে দশমীর আনুষ্ঠানিকতা। এরপর অনুষ্ঠিত হবে সিঁদুর খেলা। পরে শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে যাওয়া হবে নির্ধারিত নদী, পুকুর বা জলাশয়ে। সেখানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে এসেছেন, আর ফিরে যাচ্ছেন নৌকায়। ভক্তদের বিশ্বাস, নবমীতে দেবী দুর্গার হাতে মহিষাসুরের বধ এবং রামচন্দ্রের হাতে রাক্ষসরাজ রাবণের পরাজয়—উভয় ঘটনাই অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসেবে বিবেচিত।
দেবীর বিদায়ে ভক্তদের মনে যেমন বিষাদের ছায়া, তেমনি আগামী বছর আবারও তাঁর আগমনের অপেক্ষা শুরু হচ্ছে। সম্প্রীতি, শান্তি ও কল্যাণের প্রার্থনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব।
মন্তব্য করুন