
নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজায় ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতে গিয়ে স্থানীয় লোকজনের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে পড়েছেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। তিনি শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নুরুজ্জামান মিন্টুর বাবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মারা যান। মঙ্গলবার রাত ১০টার দিকে গুরুদাসপুরের বিলচলন সামসুজ্জোহা কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন সংসদ সদস্য আব্দুল আজিজ। এ সময় তিনি নিহত শাকিলের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিলে উপস্থিত মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাঁরা এমপির উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরে জানাজা শেষ করেই সেখান থেকে ফিরে যান তিনি।
এদিকে শাকিল ইসলামের জানাজা শেষে গুরুদাসপুরের চাচকৈড় বাজারে আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনের মালিকানাধীন রাস শপিং মলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
রাসেল হোসাইন অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই একটি মহল বিভিন্নভাবে শপিংমলটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল। শাকিলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই মহল সুযোগটি কাজে লাগিয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় তাঁর প্রায় পাঁচ কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেন রাসেল। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, শপিংমল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শাকিল ইসলামের জানাজায় জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন