
অপ্রয়োজনীয় ও পুরনো বই জমিয়ে না রেখে তার বিনিময়ে মিলছে গাছের চারা। বইয়ের পুনর্ব্যবহার ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘের দিনাজপুর সরকারি কলেজ শাখা।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের কাছ থেকে অপ্রয়োজনীয় ও পুরনো বই এবং পাঠ্যপুস্তক সংগ্রহ করা হয়। বিনিময়ে তাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের কাছে থাকা আর প্রয়োজন নেই-এমন বই বসুন্ধরা শুভসংঘের কার্যালয় অথবা কলেজের লাইব্রেরিতে জমা দেওয়া যাবে। এসব বইয়ের বিনিময়ে শিক্ষার্থীদের চারা দেওয়া হবে। পরে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা উপযুক্ত অন্য কোনো স্থানে চারাগুলো রোপণের আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের মতে, একটি বইয়ের ব্যবহার শেষ হয়ে গেলেও সেটি অন্য কারও কাজে লাগতে পারে। পুরনো বই সংগ্রহের মাধ্যমে যেমন পুনর্ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে, তেমনি বিনিময়ে দেওয়া চারাগাছ রোপণের ফলে সবুজের পরিমাণও বাড়বে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ববোধ তৈরির সুযোগ সৃষ্টি হচ্ছে।
কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তাদের পুরনো বইয়ের যথাযথ ব্যবহারের পাশাপাশি বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বানও জানানো হয়।
বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি বলেন, একটি পুরনো বই হয়তো কারও আর প্রয়োজন নেই। কিন্তু সেই বইয়ের বিনিময়ে রোপণ করা একটি চারা ভবিষ্যতে অসংখ্য মানুষের জন্য ছায়া, অক্সিজেন ও সবুজের আশ্রয় হয়ে উঠতে পারে। তাঁর ভাষায়, বই এবং বৃক্ষ-দুটিই মানুষের পরম বন্ধু।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। একটি বইয়ের বিনিময়ে একটি গাছ-এই ধারণার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পরিবেশ রক্ষার বার্তা সহজ ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি অরুপ কুমার রায়, সহসভাপতি প্রদীপা রাণী, আসাদুল্লাহ আসিফ, প্রতাপ চন্দ্র রায় ও শাহরিয়ার কবির; যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, খাদিজা আক্তার, মেহেদী হাসান ও সোয়াবুর রহমান; সদস্য আবু তাহের ইমন ও মাহমুদ হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক আতিকুর ইসলাম আতিক ও সৌরভ কর্মকার, অর্থ সম্পাদক বর্ণালী মির্জা বন্যা, নারী বিষয়ক সম্পাদক রুবিয়া আক্তার রিমু, সহ-ইভেন্ট সম্পাদক পূজা রায়, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক অঞ্জলি, সহপ্রচার সম্পাদক অপূর্ব রায়, সহক্রীড়া সম্পাদক সেলিম আরিফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোনাইম হাসান নিয়ন, সহনারী ও শিশু বিষয়ক সম্পাদক মল্লিকা কামাল মিতু এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।
আয়োজকেরা আশা করছেন, পুরনো বইয়ের বিনিময়ে চারা দেওয়ার এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, পুনর্ব্যবহার ও পরিবেশ সংরক্ষণের সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী এ কর্মসূচিতে যুক্ত হয়ে পাওয়া চারাগাছ রোপণের মাধ্যমে কলেজ ক্যাম্পাস ও আশপাশের পরিবেশকে আরও সবুজ করে তুলবেন বলেও প্রত্যাশা তাদের।
মন্তব্য করুন