
তৈরি পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার রাতে সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম যেন স্বাভাবিকভাবে চলে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাঁদের জীবনমান উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। মজুরি বোর্ডকে পরামর্শ দেওয়ার পাশাপাশি শ্রম মন্ত্রণালয়কে শ্রমিকদের স্বার্থ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।
শিল্পকারখানায় উৎপাদন স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলগুলোতে বাড়তি নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মজুরি বৃদ্ধির দাবিতে রোববার দিনভর ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে।
শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে এরই মধ্যে গঠন করা হয়েছে নতুন মজুরি বোর্ড। তবে এরপরও আন্দোলন অব্যাহত থাকায় রোববার সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ডিসেম্বরকে সামনে রেখে তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। সরকার রাজনৈতিকভাবে এ পরিস্থিতি মোকাবিলা করবে।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো শ্রমিক সহিংস আন্দোলনে জড়িত নন। তবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন