
আওয়ামী লীগের রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ২৮ অক্টোবরের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না। রাজনৈতিক দলের কোনো কোয়ালিটি আওয়ামী লীগের নেই।
এ সময় সংবিধান সংশোধন করে সরকারকে সঠিক পথে আসার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংবিধান সংশোধন না করা হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের বিরুদ্ধে লগি-বৈঠা দিয়ে অমানবিক হত্যাকাণ্ড চালানোর অভিযোগও করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আবারও বিএনপির আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
জামায়াত আমির আরও বলেন, আওয়ামী লীগ বিভিন্ন সময়ে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় গেছে এবং ক্ষমতায় টিকে থাকতে নানা অপকর্ম করেছে।
ফ্যাসিবাদের পথ অনুসরণকারীদের পরিণতি ভালো হবে না উল্লেখ করে তিনি বলেন, এখন অনেকে ইনিয়ে-বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলার চেষ্টা করে। ফ্যাসিবাদ ফিরে আসবে-এমন কল্পনা যেন কেউ না করে।
মন্তব্য করুন