
জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজধানীতে বাসভাড়া বাড়ানো হলেও নতুন ভাড়ার তালিকা বা চার্ট না থাকায় যাত্রী ও পরিবহনকর্মীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। নির্ধারিত ভাড়া নিয়ে প্রতিনিয়ত তর্ক-বিতর্কের পাশাপাশি কোনো কোনো বাসে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার ও শাহবাগ এলাকায় বিভিন্ন গণপরিবহনে চালক, সহকারী ও যাত্রীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার রাজধানীতে বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা বাড়িয়েছে। তবে নতুন ভাড়া কার্যকর হওয়ার পর থেকেই এর বাস্তবায়নে নানা অসঙ্গতির অভিযোগ পাওয়া যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ বাসেই সরকার নির্ধারিত নতুন ভাড়ার চার্ট টাঙানো হয়নি।
ফার্মগেট এলাকায় একটি বাসের সহকারী জানান, নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী টাকা চাইলে অনেক যাত্রী তা দিতে আপত্তি করছেন। বাসে ভাড়ার চার্ট না থাকায় যাত্রীদের কাছে নির্ধারিত ভাড়া দেখিয়ে বোঝানোরও সুযোগ নেই।
তার অভিযোগ, এ নিয়ে প্রায়ই যাত্রীদের সঙ্গে তর্ক-বিতর্ক হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি ঝগড়া কিংবা হাতাহাতি পর্যন্ত গড়াচ্ছে।
অন্যদিকে, নতুন ভাড়াকে কেন্দ্র করে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরাও। কারওয়ান বাজার এলাকায় কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ভাড়ার চার্ট না থাকার সুযোগ নিয়ে কিছু বাসে ইচ্ছেমতো অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।
তাদের দাবি, ওয়েলকাম, প্রজাপতি ও বিকল্পসহ বিভিন্ন রুটের বাসে কোথাও কোথাও নির্ধারিত ভাড়ার চেয়ে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এতে যাত্রীদের সঙ্গে পরিবহনকর্মীদের বাগ্বিতণ্ডা তৈরি হচ্ছে।
তবে সব বাসে একই চিত্র দেখা যায়নি। কোনো কোনো যাত্রী জানিয়েছেন, নতুন ভাড়ার চার্ট না থাকা এবং ঝামেলা এড়াতে কিছু বাসে এখনো আগের ভাড়াই নেওয়া হচ্ছে।
যাত্রীদের দাবি, নতুন ভাড়া কার্যকর করার সঙ্গে সঙ্গেই প্রতিটি বাসে দৃশ্যমান স্থানে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা উচিত ছিল। এতে যাত্রী ও পরিবহনকর্মী-উভয়ের মধ্যেই ভাড়া নিয়ে বিভ্রান্তি কমত।
তাদের অভিযোগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ নজরদারি না থাকায় ভাড়া নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত কার্যকর নজরদারি ও ভাড়ার তালিকা প্রদর্শন নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য করুন