
শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) রুস্তম আলীকে এক নারীসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় থাকা তার বাসভবন থেকে তাদের নেওয়া হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিস ভবনের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখা যায়। পরে ওই নারী ও রুস্তম আলীকে সেখানে অবস্থান করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি তারা পুলিশকে জানালে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
পরে পুলিশ সহকারী পরিচালক রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়ে আসে।
ওসি সোহেল রানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী রুস্তম আলীর দূরসম্পর্কের শ্যালিকা। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর এলাকায়।
তিনি আরও জানান, পাসপোর্ট অফিসের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে গভীর রাতে লোকজনের উপস্থিতি দেখা যাওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের রাত আড়াইটার দিকে থানায় নেওয়া হয়। বর্তমানে বিষয়টি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
জিজ্ঞাসাবাদ শেষে ঘটনাটির বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন