
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে রেমিট্যান্স, সমুদ্রপথে বাংলাদেশের পণ্য পরিবহন এবং সম্ভাব্য জ্বালানি সংকট নিয়েও বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, বাংলাদেশ সব সময় শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। প্রয়োজন হলে বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ অবস্থান থেকে সংলাপের সুযোগ তৈরিতে বাংলাদেশ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদারত্ব রয়েছে। ফলে ওই অঞ্চলে সংঘাতের কারণে জ্বালানি, বাণিজ্য ও প্রবাসী বাংলাদেশিদের ওপর যে প্রভাব পড়ছে, তা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
এ কারণে মধ্যপ্রাচ্যের সংকটের শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়েছে বলে জানান মাহদী আমিন।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে জলবায়ু পরিবর্তনের বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য প্রয়োজনীয় জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নদী-খাল খনন, ব্যাপক বৃক্ষরোপণ এবং নবায়নযোগ্য ও সৌর জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে।
কার্বন নিঃসরণ কমাতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর বিষয়েও বাংলাদেশের পরিকল্পনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন